বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি
মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরকালে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এর মধ্যে রয়েছে প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানী প্রদান অনুষ্ঠান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরের বিস্তারিত কর্মসূচি জানানো হয়। সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরাম উপজেলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন।
সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এরপর দুপুর সোয়া ১টার দিকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
সেখান থেকে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি। সেখানে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।
নির্ধারিত কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: