দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৯ পিএম

সোমবার বিকালে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত তিন-চার দিনে রাজধানী ঢাকায় কয়েকটি ঘটনা ঘটেছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে আর যেন কোনো দিন কোনো দুর্বৃত্ত এসে এখানে হাত দিতে না পারে, তার যথাযথ ব্যবস্থা করা হোক। আর যে দুর্বৃত্তরা এই কর্ম করেছে, তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে এমন শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সামাজিক অপকর্ম করার সুযোগ না পায়।’

সম্পত্তি দখলের চেষ্টা কিংবা কোনো প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

স্বাস্থ্য খাতের নিরাপত্তা ও জনবল সংকট নিয়েও কথা বলেন জামায়াত আমির। তার অভিযোগ, একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন স্থানে অপমান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘বর্তমানে স্বাস্থ্যসেবায় যে জনবল থাকা দরকার, তার অর্ধেকই নেই। সেই অর্ধেক জনবল নিয়ে খুড়িয়ে খুড়িয়ে আমাদের স্বাস্থ্যসেবা চলছে। সুতরাং সব জায়গায় সরকারকে অবশ্যই মানবিক ও যৌক্তিক আচরণ করতে হবে। এ ধরনের দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে।’

‘জমিজমার সমস্যা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সংবিধান ও আইনে তার যথাযথ পন্থা রয়েছে। তাই বলে কারও সম্পদের ওপর এ ধরনের গুন্ডা-সন্ত্রাসীরা হাত দেবে, তার কোনো সুযোগ নেই,’ যোগ করেন তিনি।

হামলার ঘটনাগুলোকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হতে পারে বলেও তিনি আশঙ্কা করেন। তবে এ ধরনের অপকর্মের সঙ্গে জামায়াতের কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি খুব দৃঢ়ভাবে বলছি, এ ধরনের অপকর্মের সঙ্গে আমার দলের লোক তো দূরের কথা, আমি নিজেও যদি জড়িত থাকি, আমাকে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমা না করে। আমাকেও যেন আইনের আওতায় নেয়।’

অপরাধীদের রাজনৈতিক পরিচয় না দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিশ্চয়ই সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না।’

তিনি আরও বলেন, ‘গাছের গোড়া কেটে মাথায় পানি দেবেন আপনারা এটা জনগণ দেখতে চায় না। আমরা সর্প দংশন করা, ওঝা হয়ে ঝাড়ার নাটক দেখতে চাই না। আমরা দেখতে চাই, অপরাধী যে-ই হোক, তাকে যেন আইনের আওতায় আনা হয়।’

এ সময় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য প্রাথমিক সহায়তা অব্যাহত রাখার কথাও জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘এটা দিয়ে শুরু, এটা শেষ নয়। প্রয়োজনে এই এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও যদি কিছু করতে হয়, তাও করব ইনশাআল্লাহ।’

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর