প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে প্রবেশ করেন এনসিপির নেতারা।
প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্য সদস্যরা হলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন।
এনসিপি সূত্র জানায়, সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরবে দলটি। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ওই বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে একমত হন দুই নেতা।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: